নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়ির মালিকের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শহরের আলহাজ্ব ক্যাম্প এলাকায় মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে,অলটেক কম্পিউটার ও প্রিন্টিং প্রেসের মালিক ব্যবসায়ী আমিনুল ইসলাম ডালিমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেতরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আতঙ্কিত স্বজনরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী জানান,আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থার নিয়মিত তদারকি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সকলকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
