ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ : তালেব মন্ডল

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী-আটঘরিয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির আবু তালেব মন্ডল বলেছেন,“জনগণের ভোটে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি,মাদক ও সন্ত্রাসমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলবো। এই দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাঠজুড়ে সাধারণ মানুষের ঢল জনসভাকে উপচে পড়া সমাবেশে পরিণত করে।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “এই দেশের মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। কর্মসংস্থানের প্রত্যাশা করে। ক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে নতুন শিল্প–কারখানা স্থাপনের মাধ্যমে লাখো বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণদের দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে এবং নারীদের জন্যও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “৫৪ বছরের শাসকগোষ্ঠীর ব্যর্থতা মানুষকে আজ ক্ষুব্ধ করেছে। তারা দিতে পারেনি সুশাসন, দিতে পারেনি নিরাপত্তা। মানুষ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি।”
জনসভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ। সঞ্চালনা করেন উপজেলা সাবেক আমির হাফেজ আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। তিনি বলেন, “হামলা-মামলা দিয়ে মানুষকে আর ভয় দেখানো যাবে না। জনগণ এবার ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পরাজিত করবে।”
পাবনা–৫ আসনের প্রার্থী ও জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “স্বাধীনতার পরে ক্ষমতায় থাকা সরকারসমূহ দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। হত্যা, গুম, জুলুম ও দুর্নীতির মাধ্যমে মানুষকে জর্জরিত করেছে। তাই এবারের নির্বাচন হবে মুক্তির নির্বাচন।”
পাবনা–১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণ এবার নীরব ব্যালট বিপ্লব ঘটাবে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করে মানুষ দেশের মালিকানা নিজেদের হাতে ফিরিয়ে আনবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা কর্মপরিষদ সদস্য গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিক, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসউদ, চাঁদভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ওলিউল্লাহ, জেলা ছাত্রশিবির সভাপতি মুন্নাফ হোসেন, মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সাইদুল ইসলাম কচি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি খায়রুল ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র প্রার্থী সাইদুল ইসলাম মোল্লা, ঢাকাস্থ ঈশ্বরদী–আটঘরিয়া ফোরাম আহবায়ক সগির বিন নাসির ও ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম প্রমুখ।

Uncategorized সর্বশেষ