নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী বাজারে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক খুচরা মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইলিশ মাছ পাওয়া না গেলেও জেলি মিশ্রিত চিংড়ি মাছ পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ওই খুচরা ব্যবসায়ীকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দ করা ১০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, ঈশ্বরদী পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কায়সার সুজা ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন৷
