ঢাকাFriday , 9 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক

Link Copied!

    নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে মাদক সেবনরত অবস্থায় উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে তাঁর বাড়ির ভাড়াটিয়া মোঃ আব্দুর রাজ্জাককে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
    বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর উপ-পরিদর্শক মো: শের আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহফুজ আলমের বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে তাঁর পরিহিত ফুলপ্যান্টের সামনের ডান পকেটে থাকা গোল্ডলিফ সিগারেটের প্যাকেট তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এরপর মাহফুজ আলমের শয়নকক্ষে অভিযান চালানো হয়। সেখানে তাঁকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদীর উপ-পরিদর্শক মোঃ শের আলম।
    অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক মাহফুজ আলমের বাড়ির ভাড়াটিয়া। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
    এদিকে মাহফুজ আলমের দলীয় পদ নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি নাফিস আহমেদ আরিফ বলেন, ‘মাদকসহ আটকের বিষয়টি জানার পর মাহফুজের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানানো হয়েছে। অচিরেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’ স্থানীয় সূত্র জানায়, ট্যাপেন্টাডল মূলত ওষুধজাতীয় ব্যথানাশক হলেও এর অপব্যবহার করে মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ট্যাপেন্টাডলের অপব্যবহার নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।