নিজস্ব প্রতিনিধি ।। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে শহরে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই শহরজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় নিয়োজিত যৌথবাহিনীর নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।
দলীয় সূত্র জানায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর। তবে ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ও দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের অনুরোধে হাবিব গ্রুপের কর্মসূচি এক দিন পিছিয়ে বুধবার পালন করা হয়। এর আগে ১ সেপ্টেম্বর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে বহিস্কৃত) জাকারিয়া পিন্টুর নেতৃত্বাধীন গ্রুপকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছিল।
বুধবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ঈশ্বরদী শহরে র্যালি বের করা হয়। র্যালিটি আলহাজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটরস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। নবঘোষিত উপজেলা ও পৌর বিএনপির নেতারা বলেন, ঈশ্বরদীতে বিএনপির দুটি শক্তিশালী রাজনৈতিক গ্রুপিং থাকায় প্রশাসনের উদ্যোগে পালাক্রমে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর জাকারিয়া পিন্টু গ্রুপকে কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার পর প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ২ সেপ্টেম্বর নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বুধবার দুপুর থেকেই ঈশ্বরদী শহরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। কয়েক শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব, আনসার বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নজরদারি করতে দেখা যায়।
নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকিতে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন ।
দলীয় অভ্যন্তরীণ বিরোধের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
