ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে খালখনন উদ্বোধন ও দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়ক সংস্কার পরিদর্শন করলেন এমপি আবু তালেব মণ্ডল

জয়পত্র ডেস্কঃ
মে ৬, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। ঈশ্বরদী উপজেলায় দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।
রবিবার (৩ মে) সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়ায় কমলা নদীর তীরে আখ খামারের অফিস সংলগ্ন স্থানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে এমপি আবু তালেব মণ্ডল বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাল-নদী পুনঃখননের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে গ্রামীণ এলাকার প্রতিটি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় আনা। খাল খনন শুধু পানি নিষ্কাশনের কাজ নয়, বরং এটি কৃষকের জীবনমান উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। পরিকল্পিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দাশুড়িয়া-নাটোর মহাসড়ক সংস্কার কাজ পরিদর্শন করে তিনি বলেন, উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এ সড়কটির গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের ফলে অবশেষে সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সড়কটির সংস্কার সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীলতা পাবে।
এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, মুলাডুলি ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক মো. শাহিনুল আলম, সেক্রেটারি মো. ফুরকার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব অনুষ্ঠানে উপস্থিত হননি এবং কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে এ সিদ্ধান্তকে সরকারি কাজে বাধা ও অসহযোগিতা হিসেবে উল্লেখ করে তার অপসারণের দাবিতে উপজেলা জামায়াত মানববন্ধন কর্মসূচি পালন করেl

Uncategorized সর্বশেষ