সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রনি (৩০) নামে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. আলী, সজীব সহ ১২ জন নামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত উল্লেখ করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লিখিত এজাহার সূত্রে জানা যায়, মুলাডুলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪০) বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
এজাহারে বলা হয়, শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের রঞ্জুর লিচু বাগানে জামায়াতের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছিল। সভায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের তালিমুল কুরআন সম্পাদক গোলাম রব্বানি খাঁন জুবায়েরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, সভার শেষের দিকে জামায়াতের নেতাকর্মীরা খাচ্ছিল। সে সময় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সভাস্থলে এসে অতর্কিত হামলা চালায়। তারা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে হামলা শুরু করে।
প্রতিবাদ করতে গেলে মো. রনি (৩০) নামে এক কর্মীর ওপর হামলা চালানো হয়। তাকে লোহার রড, জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এছাড়া হামলাকারীরা সভাস্থলে থাকা ৫ থেকে ৬টি মোটরসাইকেল, প্লাস্টিকের চেয়ার ও রান্নার বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
