ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানে কাতারের পাল্টা হামলা, জবাব দিতে প্রস্তুত সৌদি আরবও

জয়পত্র ডেস্কঃ
মার্চ ৪, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

উপসাগরীয় দেশগুলোতে সম্প্রতি তেহরানের হামলার জবাবে ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় ইরানভিত্তিক লক্ষ্যবস্তুকে ধেয়ান রেখে কাতারের সামরিক বাহিনী এ অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ এ তথ্য প্রকাশ করেছে, সূত্র হিসেবে তারা অজ্ঞাতনামা এক পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, কাতারের এই হামলার পর শিগগিরই সৌদি আরবও ইরানে পাল্টা হামলা শুরু করতে পারে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরানের সাম্প্রতিক হামলার জবাবে সৌদি আরবও দ্রুত পদক্ষেপ নিতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে উপসাগরীয় দেশগুলো এখনও প্রকাশ্যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি। তবে কেউ কেউ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে।
এদিকে, ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি।
তিনি জানান, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। এর বেশির ভাগই আকাশে ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে গত চার দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই হামলায় বিভিন্ন দেশে হতাহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল।

Uncategorized সর্বশেষ