পাবনা প্রতিনিধি ।। পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে জামায়াত কর্মী আব্দুল গনি (৪৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা পৌর ও সদর উপজেলা জামায়াত। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নলদহ গ্রামের নিজ বাড়ির সামনে আব্দুল গনিকে প্রকাশ্যে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ১১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন,হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে যেন তদন্ত বাধাগ্রস্ত না হয়,সেদিকে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত আইনি কার্যক্রম শেষ করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের আমির মো.রবিউল ইসলাম অভিযোগ করে বলেন,‘আব্দুল গনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন। গত নির্বাচনে তিনি আমাদের পক্ষে কাজ করেছেন। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ভাঁড়ারার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান এবং তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’ তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
সমাবেশে পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,সহকারী সেক্রেটারি এস এম সোহেল,পৌর আমির আব্দুল লতিফ,সদর উপজেলার ভারপ্রাপ্ত আমির জাকারিয়া হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
পাবনা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, আব্দুল গনি হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। অভিযান চালিয়ে ওই এলাকার আব্দুল কুদ্দুস ও সাচ্চু নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
