ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

ঈশ্বরদীতে ৬টি ককটেল বিস্ফোরণ : রেল লাইনে আগুন

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ৬, ২০২৩ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবীতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে ঈশ্বরদী রেলগেট এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
৫ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী রেলগেট এলাকায় পরপর ৬টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । এ সময় ১টি ট্রাক ভাঙচুর করা হয় ও রেললাইনের উপর অগ্নিসংযোগ করা হয় । স্থানীয় সূত্রে জানা যায়,অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবককের একটি দল হটাৎ রেলগেটে এসে পরপর ৬টি ককটেল নিক্ষেপ করে,আশপাশ থেকে আওয়ামীলীগের পোষ্টার ছিঁড়ে, নারিকেলের ছোঁবড়া,কাগজ ও পলিথিন জড়ো করে রেললাইনে আগুন জ্বালিয়ে দেয়। এরপর রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে শ্লোগান দেয় । এসময় তারা রেলগেটের কাছে থাকা একটি ট্রাকে হামলা চালিয়ে ট্রাকের সামনের কাঁচ ভাঙচুর করে ।
বিকট শব্দে একের পর এক ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার পর্য়ন্ত প্রধান প্রধান সড়কের পাশের দোকানপাট বন্ধ করার হিড়িক পড়ে এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । এ সময় প্রাণভয়ে সাধারণ মানুষ দ্বিগবিদিক ছোটাছুটি শুরু করে।
এদিকে, খবর পেয়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী লাঠিসোটা নিয়ে রেলগেটে পশ্চিমপাশে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসানের কার্যালয় ভাঙচুর করে এবং আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের বিরুদ্ধে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে । এর পরপরই র্যা ব, বিজিবি,উপজেলা প্রশাসন,জেলা ও স্থানীয় পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন ।
উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, বিজিবি মোতায়েন করা হয়েছে । পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এবং থানার ওসি অরবিন্দ সরকারসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেন । এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ধ্বংসাত্বক রাজনীতির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসীরা চোরের মতো ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঈশ্বরদীর পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে । আমরা আওয়ামীলীগের নেতা কর্মীরা তাদের সে অপচেষ্টাকে প্রতিহত করতে প্রস্তুত আছি ।