লালপুর (নাটোর) প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাটোরের লালপুর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, নেংগোপাড়া দারুস সুন্নত আলিম মাদ্রাসা এবং রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা।
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪ জন ও মাঝগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নেংগোপাড়া দারুস সুন্নত আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১ জন এবং রায়পুর জাফরিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া ৬ জন শিক্ষার্থীর কেউই পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর লালপুর উপজেলায় কলেজ শাখা থেকে মোট ১ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫০৪ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসা শাখা থেকে ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ জন কৃতকার্য হয়েছে। এ শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। অকৃতকার্য হয়েছে ৩৮ জন।
কারিগরি শাখায় ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২৪৬ জন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে অভিভাবক ও সচেতন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে
