ঢাকামঙ্গলবার , ৩১ মে ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীর এক টিটিইকে গুলি করার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ট্রেনের টিকিট পরীককে (টিটিই) গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন টিটিই আব্দুল আলীম মিঠু। ট্রেনটি দুপুর ২টা ৪৫ মিনিটে বড়ালব্রীজ-জামতৈল স্টেশনের মাঝামাঝি যাত্রাপথে ট্রেনের গার্ড ইকবাল মাহমুদকে সঙ্গে নিয়ে যাত্রীদের টিকিট পরিক্ষা করছিলেন। তিনি এক বগিতে বসে থাকা ৮জন যাত্রীর কাছে টিকিট আছে কি-না জানতে চান। এসময় পুলিশের এএসআই রোমেন মিয়াসহ ওই ট্রেনের দায়িত্বরত পুলিশ সদস্যরা ওসব যাত্রীদের নিজেদের লোক দাবি করেন। একই সঙ্গে টিকিট কাটতে বাধা দেন। এরপর টিটিই মিঠু তাদের টিকিট কাটতে বললে তাঁকে গুলি করার হুমকি দেন এএসআই রোমেন। এসময় তারা টিটিইকে গ্রেফতারের হুমকি দিয়ে হ্যান্ডকাপ পড়ানোর চেষ্টা করেন।
টিটিই আব্দুল আলীম মিঠু বলেন, বিনা টিকিটের আটজন যাত্রীকে জরিমানা করতে গেলে এএসআই রোমেন আমাকে গুলি করার হুমকি দেন। গ্রেফতার করার চেষ্টা করেন।
অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোমেন মিয়া বলেন, ট্রেনে গার্ড ও টিটিই আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এ বিষয়টি পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের জানিয়েছি। গুলি করার কথাটি সঠিক নয়। তবে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, গুলি করতে চাওয়ার বিষয়টি আমি নিশ্চিত নয়। তবে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে শুনেছি। দু’পক্ষকেই থানায় ডেকেছি। আশাকরি বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে।
এ বিষয়ে জানতে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, টিটিই ও গার্ড আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।