নিজস্ব প্রতিনিধি।। পাবনা জেনারেল হাসপাতালের একটি সেফটি ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে হাসপাতালের অভ্যন্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলের দিকে একটি সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা ভেতরে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পাবনা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্যাংকির ভেতর থেকে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি বেশ পুরনো এবং দীর্ঘদিন ধরে ট্যাংকির ভেতরে পড়ে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি নারী না পুরুষের, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কঙ্কালের হাড়গোড় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন পর সেফটি ট্যাংকটি পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা সামনে আসে। কঙ্কালটি কোনো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির দেহাবশেষ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে সেফটি ট্যাংকির ভেতর থেকে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
