ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, শিবিরের মামলার প্রস্তুতি

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২৮, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। এদিকে একই ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকেও পাল্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মামলার এজাহারে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান ও সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে উভয় সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটির একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্যাম্পাসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
মামলার বাদী খালেদ বিন পার্থিব অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু প্রতিপক্ষ পূর্বপরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর এবং কার্যালয়ে ভাঙচুর চালায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায়, গুলিবর্ষণ করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতিকে সহিংস করে তোলে। তিনি ছাত্রদলের দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।