নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদীতে তিন বাঙালি তরুণীকে জোর করে গাড়ি থেকে নামিয়ে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেয়।
রবিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর এলাকায় ল্যাংড়ার দোকান মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন রাশিয়ান নাগরিকের সঙ্গে ওই তিন তরুণী একটি অটোবাইকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছালে একদল যুবক হঠাৎ তাদের পথরোধ করে। এ সময় জোরপূর্বক তরুণীদের নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং দ্রুত একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে প্রায় এক ঘণ্টা পর ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানায়, তাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দেয় এবং ব্যবহৃত মোবাইল ফোনও ফিরিয়ে দেয়। তবে তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, তিন তরুণী থানায় এসে আশ্রয় নেয়। তারা জানিয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
