ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ওয়াকআউট করেছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীসহ তাদের জোটসঙ্গীরা। গতকাল বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার ভাষণ প্রদানের জন্য আহ্বান জানালে হট্টগোল শুরু করেন তারা। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে সংসদকক্ষ ত্যাগ করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। প্রথম দিনই অধিবেশনের কক্ষ সরগরম হয়ে উঠতে পারে গত কয়েকদিন ধরে এমন আভাস পাওয়া যাচ্ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম
অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধীদলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্লাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন। পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।
পরে রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও তারা বসে থেকে প্লাকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করার পরও বিরোধীরা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এরপর, রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াকআউট করেন।
প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। এ নিয়ে ঘোরতর আপত্তি জানিয়ে আসছিল বিরোধী দল। তার অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন। এর আগে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সভাপতি। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হন। এরপরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মেজর হাফিজ।
এরপর ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করলে তিনিও সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
