নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল গ্রামে একটি তেল পাম্পে অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ লিটার অবৈধভাবে মজুত করা পেট্রোল,অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত যমুনা মিনি তেল পাম্পে গোঁপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া তেলের মধ্যে রয়েছে সাড়ে ৪ হাজার লিটার অকটেন,সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল। দীর্ঘ সময় ধরে ওই পাম্পটি বন্ধ রেখে এসব তেল মজুত করা হয়েছিল বলে জানা গেছে। বুধবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম অবৈধ তেল মজুদের সংবাদ পেয়ে অভিযান চালান । এসময় পাম্প মালিক ভুল স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি উন্মুক্ত করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) বলেন,গোঁপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করা হয়েছে। পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তেল পেতে পারে,সে জন্য পাম্পটি খুলে দেওয়া হয়েছে।
