নিজস্ব প্রতিনিধি ।। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) একটি বিশেষ টেকনিক্যাল টিম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী রেলগেট এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইং, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা থেকে আসা প্রতিনিধি দলটি ঈশ্বরদী রেলগেট এলাকা পরিদর্শন করে। এ সময় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের সম্ভাব্য স্থান, যানবাহন চলাচল, রেলগেটের অবস্থান এবং জনদুর্ভোগের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন ।পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান। তাঁর সঙ্গে ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী খান মোঃ রাওহা।
এ সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী রেলগেট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
ঈশ্বরদী রেলগেট এলাকায় জনদুর্ভোগ লাঘবে দীর্ঘ বছর ধরে ঈশ্বরদীর মন্ত্রী, এমপি ও দায়িত্ব শীল ব্যক্তিদের প্রচেষ্টার ধারাবাহিকতায় পাবনা-৪ বর্তমান এমপি আবু তালেব মন্ডল প্রচেষ্টা চালিয়ে পুনরায় ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন,তারই অংশ হিসেবে আজকের এই পরিদর্শন বলে জানা গেছে ।
