ঢাকাTuesday , 22 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এনসিপির কর্মসূচিতে ছাত্রদল নেতার বাধা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি এনসিপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও করেছে দলটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ওমর শেখ শান্ত নামে এক ছাত্রদল নেতা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেন।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, ওমর শেখ শান্ত কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন এবং নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেন। এতে ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ বলেন, ‘দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের দাবিতে আমরা মুখে কালো কাপড় বেধে নিরব প্রতিবাদ হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। সেখানে বাধা ও হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং পৌর এলাকার বকুলের মোড়ের সাইদুল ইসলামের ছেলে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন জানান, ওমর শেখ শান্ত বিগত সরকারের সময়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এ বিষয়ে তাঁদের কাছে ওই সময়কার বিভিন্ন ছবি রয়েছে। তিনি বলেন, বর্তমানে ওমর শেখ ঈশ্বরদীতে বিএনপির একটি গ্রুপের হয়ে ছাত্রদলের রাজনীতি করছেন।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, ‘তাকে আমি চিনতে পারছি না। হয়তো কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঙ্গে রাজনীতি করতে পারেন।’