নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীর সাহাপুরে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো,আব্দুর রব ওরফে আব্দুল্লাহ (৫৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১০ মে রবিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রব দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসার আড়ালে মাদক কারবারের ব্যবসা চালিয়ে আসছিল । এছাড়াও তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক সৃষ্টির করে আসছিল বলেও তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আব্দুর রবের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে একটি ওয়ান শ্যুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ এবং ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি আরও জানান, আটক আব্দুর রবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
