ঢাকাMonday , 19 January 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Link Copied!

জয়পত্র ডেষ্ক ।। জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাইয়ের শহীদরা কোনো একটি দলের নয়, তারা এই জাতির গর্ব। তাদের আত্মত্যাগ আমাদেরকে অন্যায়,জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়। ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে—এই সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “অপসংস্কৃতির স্রোতে তরুণ সমাজকে ভাসিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ছাত্রশিবিরের এ ধরনের ইসলামী সাংস্কৃতিক আয়োজন তরুণদের চিন্তা ও চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম,পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের,ঈশ্বরদী উপজেলা আমির ড.নুরুজ্জামান প্রামানিক এবং ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসাইন।
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসেন শান্ত’র সার্বিক পরিচালনায় ও ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো.সাইদুল ইসলাম,সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল,আইন বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান,আতিক তাশরিফ এবং অর্ণিবান সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক আব্দুল মোমিন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট,পাবনা কালচারাল সেন্টার,সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও ঈশ্বরদী কালচারাল সেন্টারের শিল্পীরা ইসলামী সংগীত ও হাস্যরসাত্মক নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শক উপস্থিত ছিলেন।