ঢাকাFriday , 16 January 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনা ১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন: আপিল বিভাগ

Link Copied!

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারিই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী এ দুটি আসনে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে অনুষ্ঠিত শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য করা হবে।
এর আগে আসন সীমানা নিয়ে জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখতে চেম্বার আদালত নির্দেশ দেন। পরবর্তীতে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নজিবুর রহমান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্র করে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।
তবে এ দুটি আসনের সীমানা নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে পৃথক রিট আবেদন দায়ের করেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায়।
সর্বশেষ আপিল বিভাগের আদেশে নির্বাচন আয়োজনের পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।