ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা ১২ ফেব্রুয়ারি ভোট

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১২, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একইদিনে গণভোটও হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটের তারিখ ঘোষণা করেন সিইসি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর সোমবার, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি রবিবার। কমিশনে করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার।
রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি বুধবার। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানো যাবে। সিইসি আরো বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সবার প্রতি আমার আহ্বান- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ দুটি নির্বাচনের তফসিল নিয়ে বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, তফসিল ঘোষণার পর আচরণবিধিসহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে ইসি। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের আলোচনা ছিল। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে বরাবরই বলে আসছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবশেষে তফসিল ঘোষণার মধ্য দিয়ে সবকিছুর অবসান ঘটল। নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকেছে দেশ। এ নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ‘প্রতীকী’ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি সব আসনে আগের মতোই জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে কমিশন। তফসিল ঘোষণার পরই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে কয়েকটি পরিপত্র জারি করবে কমিশন। ওইসব পরিপত্রে নির্বাচনী আগাম প্রচারসামগ্রী অপসারণ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের করণীয় বিষয়গুলো উল্লেখ থাকবে। পাশাপাশি সরকারকে বেশ কয়েকটি চিঠি দেওয়া হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। ওই ঘোষণার সময়সীমার মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন। নির্বাচন পরিচালনায় ‘অনভিজ্ঞ’ এ অন্তর্বর্তী সরকার ও ইসির অধীনে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে।