ঢাকাSaturday , 6 April 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় মহানায়িকার ৯৩তম জন্মবার্ষিকী পালন

Link Copied!

স্বল্প পরিসরে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পাবনা শহরের হেমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য ও পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,সাধারণ সম্পাদক সৈকত আফরোজ,সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার,ড. নরেশ মধু,ফরিদুল ইসলাম খোকন, উপদেষ্টা জাফর সাদেক, সদস্য মেহের আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন ও কলকাতার জনপ্রিয় নায়িকা ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ব্র্যান্ড অ্যামবেসেডর ঋতুপর্না সেন গুপ্ত মুঠোফোনে যুক্ত হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক তাদের পাবনায় আসার আমন্ত্রণ জানান।
ঋতুপর্না সেন গুপ্ত বলেন, ‘এমন একটা উদ্যোগ নেবার জন্য আপনাদের সবাইকে শুভ কামনা জানাই। কারণ, শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে তিনি একজন উজ্জ্বল তারকা, তার ছটা চারিদিকে ছড়িয়ে আছে এবং যার উৎস পাবনা থেকে, সেই পাবনায় আজ একটা বিরাজ জায়গা তৈরি হয়েছে। এটা আমার জন্যও খুব গর্বের বিষয় যে একজন প্রথিতযশা একজন অভিনেত্রীর মান আমরা এভাবে রাখতে পারছি। আমি অবশ্যই পাবনায় আসবো। এটা আমার জন্য একটা বিরাট পাওয়া হবে যে, মহানায়িকার বাড়িতে আমি যেতে পারবো। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদকে সাধুবাদ জানাই তারা এটাকে ধরে রেখেছে।’
মুনমুন সেন বলেন, ‘আমি বাংলাদেশে অনেক বছর যাইনি। আমি একদিন যাবো। তবে যেদিন যাবো আমি কিন্তু পাবনাতেই যাবো। আমার মায়ের কাছেই যাবো। আপনারা যেমন সেখানে যান, আমিও যাবো। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমার মা কে এত ভালোবাসেন। এত সুন্দরভাবে মনে রেখেছেন।’