ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৯, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। গতকাল রবিবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, তা চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের আগে সহিংসতা বেশি হলেও ভোটের সময় বড় কোনো সহিংসতা হয়নি। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোটগ্রহণ শেষ হয়।
সিইসি ভোটের পরিবেশ তুলে ধরে বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভির তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেপ্তার করেছি, মামলা করেছি। শেষ মুহূর্তে দুজন নির্বাচনী কর্মকর্তা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাই।
তিনি বলেন, নির্বাচনী সহিংতায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কিছু কিছু অভিযোগ এসেছে, ব্যালটে সিল মারার। আমাদের মনিটরিং সেল সেটি পর্যবেক্ষণে রেখেছে। আমরা ক্রস চেক করে যখন দেখেছি ঠিক তখন ব্যবস্থা নিয়েছি। শেষ মুহূর্তে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখনো চূড়ান্ত পার্সেন্টিজ হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এন্ট্রি হয়েছে যতটুকু সেটি অনুযায়ী ৪০ শতাংশ। এটি বাড়তে পারে, নাও বাড়তে পারে।
ভোট কম পড়ার কারণ কি তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনে একটি বড় দল নির্বাচন বর্জন করে ভোট থেকে বিরত রাখতে চেষ্টা করে। সেজন্য ভোট কিছুটা কম পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যালটে সিল মেরেছে। আমরা কিছু ধরেছি, সেগুলোকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হবে। কারণ সেগুলোর পেছনে সিল বা সাইন নেই।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।
সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট নেওয়া হয়। এবার ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।