ঢাকাFriday , 22 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

Link Copied!

নির্বাচন বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে রিজভী বলেন, ‘যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না বলেই আমরা আজ এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সব ধরনের ট্যাক্স দেওয়া, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখার আহ্বান জানান। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বলে উল্লেখ করে জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।
রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা হাজিরা দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এর আগে দুপুর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।