ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত আসন ভাগাভাগি নিষ্পত্তি করতে চায় শরিকরা

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পত্র ডেষ্ক ।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। শরিক জোটের প্রভাবশালী এক নেতা বলেন, ‘আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আসন বণ্টন হয়ে যাওয়া উচিত। সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। জোটের সবাই নির্বাচনমুখী চিন্তা করছে। জোটে কোনো পরিবর্তনের এখন সম্ভাবনা নেই। সবাই এক হয়েই নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে।’
জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতে পারে, সেই পরিস্থিতি তৈরিতে আমরা কাজ করছি। সেই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আমরা মাঠে থাকব।’
আলোচনা করে নির্বাচনে অংশ নিতে চায় জাপা: শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে। আজ বা আগামীকালের থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। দলটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এখনো প্রকাশ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি দলটি। দলটির একপক্ষ তফসিলকে স্বাগত জানিয়েছে। অপর পক্ষ থেকে বলা হচ্ছে- আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ভোট হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
তবে প্রকাশ্যে দলের নেতারা যত কথাই বলুক না কেন ভেতরে ভেতরে নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি চলছে।
জাতীয় পার্টির নীতিনির্ধারকরা জানান, সরকার ও বিদেশি বন্ধুদের চাপ উপেক্ষা করে নির্বাচন বর্জন করা সম্ভব নয়। এ ছাড়া রয়েছে দল ভাঙার ভয়ও। কারণ এরই মধ্যে দলটির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার জাপার কেন্দ্রীয় কমিটি এবং জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সভায় ৫৯ নেতার দুজন বাদে সবাই বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে তারা থাকতে চান না। ওই সভায় অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত দলের চেয়ারম্যান জি এম কাদেরকে দায়িত্ব দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে।
জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার রাত পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচনে আসছে তৃণমূল বিএনপি: তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।
গতকাল এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে বলেন। তিনি জানান, শনিবার থেকে তাদের দলে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হবে।
সমশের মবিন চৌধুরী বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করব। তৃণমূল বিএনপির প্রত্যাশা নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে নির্বাচনে সব প্রার্থী, ভোটার এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’