ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আদালতে বিজয় চিহ্ন দেখালেন মির্জা আব্বাস

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তোলা হয় তাকে। আদালতে তোলার সময় মির্জা আব্বাস স্লোগান দেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বিজয়ের চিহ্ন দেখান।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডের নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ অক্টোবর শাজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০/৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেন।
তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা দেয় তারা। এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।