ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  • অন্যান্য

আটঘরিয়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুইজন। বুধবার দুুপরে পাবনার আটঘরিয়ায় দুই মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পপি খাতুন নামে এক মোটরসাইকেল অরোহী নিহত হন। এ সময় আরো ২জন গুরুতর আহত হয়েছেন। পপি খাতুন রাজশাহী জেলার বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন আটঘরিয়া উপজেলার উত্তরচক গ্রামের সঞ্জিত কুমার ও নাটোর জেলার লালপুর গ্রামের সাগরতলা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ফিরোজ আলী। আহতদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটঘরিয়া থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল লতিফ জানান, বুধবার দুপুরে টেবুনিয়া-চাটমোহর সড়কে চাটমোহর থেকে সিএনজি চালিত অটোরিকশা আসছিল। বিপরীত দিক থেকে আসছিল দুটি মোটরসাইকেল। আটঘরিয়া পৌরসভার অদূরে উত্তরচক নামক স্থানে এ ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলে অরোহী পপি খাতুন ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকালে ঈশ্বরদী-পাবনা রেল লাইনের মুলাডুলি ইউপির বাঘহাছলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢালাচর এক্সপ্রেস ট্রেনটি পাবনার বেড়া উপজেলার ঢালারচর থেকে রাজশাহর উদ্দেশ্যে যাচ্ছিল। বাঘহাছলা এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।