ঢাকাThursday , 29 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিআরডিবির ১১ লাখ টাকার ঋণ ও গাছের চারা বিতরণ করলেন এমপি তালেব মন্ডল

Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সদস্যদের মধ্যে প্রায় ১১ লাখ টাকা ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বিআরডিবি কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার দুটি পুরুষ দলের মোট ২৭ জন সদস্যের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।
এর মধ্যে সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পশ্চিম খাঁপাড়া অপ্রধান শস্য পুরুষ দলের ১৩ জন সদস্যের মধ্যে ৪ লাখ ৩৪ হাজার টাকা এবং সাহাপুর ইউনিয়নের বাবুলচারা সদাবিক পুরুষ দলের ১৪ জন সদস্যের মধ্যে ৬ লাখ ৪৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। দুই দলের সদস্যদের মধ্যে মোট ১০ লাখ ৮১ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গাছের চারাও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পারিবারিক আর্থিক সচ্ছলতা অর্জনে এগিয়ে আসতে হবে। ঋণের অর্থ উৎপাদনশীল কাজে বিনিয়োগ করতে হবে, যাতে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়।” তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে গাছের চারা রোপণ এবং পরিচর্যার প্রতি সবাইকে যত্নবান হতে হবে।”
অনুষ্ঠানে বিআরডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।