ঢাকাMonday , 5 October 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমন কারাগারে

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদীতে সাউথইস্ট ব্যাংকের প্রায় ২ কোটি ২৩ লাখ টাকা সংক্রান্ত মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৪ অক্টোবর) পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শাহিন কবির শুনানি শেষে এ আদেশ দেন। পরে পুলিশি পাহারায় তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।
আদালত সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার করা জিআর ২০৩/১৯ মামলায় ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সীমার বিপরীতে অর্থ নেওয়ার পর তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। ২০১৯ সালের ১১ এপ্রিল ব্যাংকের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় মামলাটি করা হয়। মামলার তদন্তে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশের অভিযোগও উঠে আসে। পরে ২০২৩ সালের জুনে দুদক সাউথইস্ট ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। সেখানে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়।
এদিকে, ব্যবসায়ী আব্দুল মান্নান টিপুর দায়ের করা ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গত ৬ আগস্ট সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন পাবনার প্রথম যুগ্ম দায়রা জজ আদালত। রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়।
এরপরও গত ১৬ আগস্ট তাকে ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে সমালোচনা দেখা দেয়।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দল থেকে অব্যাহতি পাওয়া জাকারিয়া পিন্টু বলেন, “আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিকে আইনের তোয়াক্কা না করে ক্ষমতার জোরে দলীয় পদে বসিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শুধু তাই নয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মামলা ও সাজার তথ্য গোপন করে দলীয় বৈঠকে নিয়ে গিয়ে তারেক রহমানকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, আইনগতভাবে দণ্ডপ্রাপ্ত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্বে থাকার সুযোগ নেই।
সাউথইস্ট ব্যাংক পাবনা শাখার জোনাল ম্যানেজার এ কে এম মতিউর রহমান বলেন, ব্যাংকের সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগে করা মামলায় আদালত সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।