ঢাকাWednesday , 23 September 2026
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে হ্যাকিং-প্রতারণা চক্রের ৬ সদস্য আটক

Link Copied!

লালপুর প্রতিনিধি ।। নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোহরকয়া গ্রামের মো. ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোহরকয়া গ্রামের মৃত রব্বেল মোল্লার ছেলে ওহিদুল মোল্লা (৩২), একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত বেলাল আলীর ছেলে মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের মৃত কফের আলীর ছেলে শুকুর আলী (৫০), পানসিপাড়া গ্রামের আতাহার প্রামাণিকের ছেলে আলামিন (২৩) এবং রাজশাহী বাঘার আলাইপুর গ্রামের সামাদ মন্ডলের ছেলে মুক্তার আলী (৩৪)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মো. আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল মোহরকয়া গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য মতে , আটক ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং ও প্রতারণার কাজে এসব মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করতেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর মঙ্গলবারই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হ্যাকিং ও প্রতারণাসহ সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান ‌ নিয়মিতভাবে পরিচালিত হবে।