বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এই আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন। সরকার আমাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন করলে আলহামদুলিল্লাহ। আর দাবি না মানলে ৮ দফার আন্দোলন অনতিবিলম্বে ১ দফার আন্দোলনে রূপ নেবে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা গাড়িতে করে আসার সময় রাজপথে জনগণের মধ্যে বিপ্লবের গর্জন শুনেছি। সাধারণ মানুষ হাতের এক আঙুল তুলে এক দফা, এক দফা স্লোগান দিচ্ছে। আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ, আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছি। তবে প্রয়োজনে আপনাদের সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
