ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের আন্দোলন

জয়পত্র ডেস্কঃ
মে ১০, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের যাতায়াত ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে শনিবার (৯ মে) সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ,ফলে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশ ও বের হওয়া কার্যক্রম ব্যাহত হয় এবং ফটকের বাহিরে কয়েক হাজার শ্রমিক অবস্থান নিতে বাধ্য হন।
জানা যায়, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই শ্রমিকরা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে একপর্যায়ে তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
আন্দোলন চলাকালে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। পরে সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা প্রধান ফটকের তালা খুলে দেন এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
ঘন্টা ব্যাপী চলা এ আন্দোলনের সময় ইপিজেডের বাহিরে কয়েক হাজার শ্রমিক অবস্থান করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন।
প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডের সার্বিক পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বেপজা কর্তৃপক্ষ।