ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মে দিবসে ঈশ্বরদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ

জয়পত্র ডেস্কঃ
মে ৬, ২০২৬ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। মহান মে দিবস উপলক্ষে ঈশ্বরদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার,১ মে সকালে ঈশ্বরদী রেলগেটস্থ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে র‍্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোড়ে সমাবেশে মিলিত হয়। লাল পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে সহস্রাধিক শ্রমিক ‘দুনিয়ার মজদুর এক হও’,‘শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে’ স্লোগানে শহর মুখরিত করে তোলেন।
প্রধান অতিথি হিসেবে র‍্যালীতে অংশ নিয়ে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা প্রধান উপদেষ্টা ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি তার বক্তব্যে বলেন,“মে দিবস শুধু একটি তারিখ নয়,এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তাক্ত ইতিহাস। ১৮৮৬ সালে শিকাগোর শহীদরা ৮ ঘণ্টা কর্মদিবসের জন্য জীবন দিয়েছিলেন। তাঁদের সেই আত্মত্যাগ আমাদের শেখায়— অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়।” তালেব মন্ডল আরও বলেন,“ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর প্রকল্পসহ এ অঞ্চলের শিল্প-কারখানায় হাজার হাজার শ্রমিক ঘাম ঝরাচ্ছেন। কিন্তু এখনও অনেক জায়গায় ন্যায্য মজুরি, নিয়োগপত্র ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। সরকার শ্রমিকবান্ধব। শ্রমিকের স্বার্থ রক্ষায় আমরা সবসময় মাঠে থাকব। মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমেই দেশের উৎপাদন বাড়বে, অর্থনীতি এগিয়ে যাবে ।”
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের ঈশ্বরদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস ডক্টর নুরুজ্জামান প্রামানিক বলেন,“শ্রমিকরা দেশের চালিকাশক্তি। তাদের অবহেলা করে কোনো উন্নয়ন টেকসই হয় না।”
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি খান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও সহস্রাধিক শ্রমিক অংশ নেন।
সমাবেশ থেকে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন, শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।