নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে কথিত গুপ্ত জামায়াত-শিবিরের অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
শুক্রবার (২ মে) বিকেল ৫টার দিকে মুলাডুলি বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় মুলাডুলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামের একটি নির্জন স্থানে তিন থেকে চারজনের উপস্থিতিতে জামায়াত-শিবিরের একটি গোপন বৈঠক চলাকালে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা লুটতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, জামায়াত-শিবির দীর্ঘদিন ধরে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, নিজেদের সরকারবিরোধী দাবি করা সত্ত্বেও তারা কেন বিভিন্ন স্থানে প্রকাশ্যে সভা-সমাবেশ করছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এ ঘটনার পেছনে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, বিএনপি নেতা আমিনুর রহমান বাবু, ফিরোজুল হক,রুহুল আমীন বাচ্চু,বিপ্লব খান,নজরুল ইসলাম মুকুল,বাবর আলী,রুহুল আমীন বাবলু,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল হক শরিফ, সদস্য সচিব আলী আকবর, কৃষক দলের আহ্বায়ক আবুল হোসেন বাহার, সদস্য সচবি মনিরুল ইসলাম, ছাত্রদল নেতা রুহুল আমিন সজিব, রকি খান, জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইমদাদুল হক ইনু সাধারণ সম্পাদক সাজু মন্ডল, তাঁতিদলের আহ্বায়ক সেলিম মোল্লা, সদস্য সচিব রায়হান শেখ, যুবদল নেতা বকুল খান, ফরজ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
