ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ বন্ধ কার্ডের সংখ্যা নিয়ে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে মতবিরোধ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২৯, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।।ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ চাল বিতরণ অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য সাধারণ ও অভাবি মানুষ চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন। কার্ডের সংখ্যা নিয়ে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে মতবিরোধ; অনিশ্চয়তায় অপেক্ষা করছেন দরিদ্র পরিবারগুলো

রবিবার (১৫ মার্চ) সকালে সলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এখানে ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণের কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিতরণ শুরুর আগে ভিজিএফ কার্ডের সংখ্যা নিয়ে প্রশাসন,জামায়াত,শিবির এর স্থানীয় নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। অভিযোগ ওঠে,বরাদ্দের তুলনায় কার্ডের সংখ্যা কম-বেশি হওয়ায় অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ চাল সংগ্রহের আশায় ইউনিয়ন পরিষদে ভিড় করেন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।
চাল নিতে আসা এক বৃদ্ধা বলেন, “ঈদের আগে এই চালের জন্যই আশা করে এসেছিলাম কিন্তু খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না।”
স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান করে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়,কার্ডের সংখ্যা ও তালিকা যাচাই-বাছাই করে পরবর্তীতে সুষ্ঠুভাবে চাল বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।