ঈশ্বরদী প্রতিনিধি ।। ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় একটি অটো রাইস মিলে মধ্যরাতে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা মামুন মণ্ডলের বিরুদ্ধে। অভিযুক্ত মামুন মণ্ডল পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নব নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা।
শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাতে মামুন মণ্ডল ও তার সহযোগী সেলিমের নেতৃত্বে ১১টি মোটরসাইকেলযোগে প্রায় ২০ থেকে ২৫ জন যুবক জোরপূর্বক বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে প্রবেশ করেন। এ সময় তারা মিল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
মিলের স্বত্বাধিকারী জিল্লুর রহমান বিশ্বাস গভীর রাতে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তাদের পরদিন সকালে আসতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে মামুন মণ্ডল ও তার সহযোগীরা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বাকবিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে তারা জিল্লুর রহমান বিশ্বাসকে জোরপূর্বক মিলের প্রধান ফটকে এনে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মামুন মণ্ডল। তিনি বলেন,“মিলের ছাইয়ে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছিল। সাধারণ মানুষ ভোগান্তিতে ছিল। এ বিষয়ে কথা বলতে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু জিল্লুর বিশ্বাস আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে মিল থেকে বের হয়ে যেতে বলেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।”
এদিকে, ঘটনার পর শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, হামলা ও মারধরের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
