ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির ইঙ্গিতে কমল তেলের দাম

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১০, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
সোমবার চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর তেলের দাম দ্রুত নেমে আসে।
আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম। এতে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারগুলোতে বড় ধরনের বিক্রি শুরু হয়, এবং নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।
এরপর সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’। মার্কিন প্রেসিডেন্টের সেই ইঙ্গিতে ব্রেন্ট ক্রুডের দাম দিনে ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠার পর দ্রুত কমে ৯৮.৯৬ ডলারে নেমে আসে। একই সঙ্গে মার্কিন শেয়ারবাজারও শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থায় বন্ধ হয়।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরে প্রথমবার ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে যায়। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার পরে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রয়োজন পড়লে আমরা হরমুজ প্রণালী দখল করব। ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
এর জবাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ‘এই অঞ্চল থেকে আমেরিকা ও ইসরায়েলকে এক লিটার তেলও বহন করতে দেওয়া হবে না।’