ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  • অন্যান্য

সংরক্ষিত আসনে প্রার্থীতা ঘোষণা দিলেন ললিতা গুলশান মিতা

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১০, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে পাবনা ও সিরাজগঞ্জ জেলার জন্য প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা। ৭ মার্চ শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ললিতা গুলশান মিতা বলেন,সংরক্ষিত এই আসনের পরিসর পাবনা ও সিরাজগঞ্জ জেলার জনগণের সঙ্গে সম্পৃক্ত। রাজনীতি আমার কাছে কেবল ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কাজ করেছি। বিশেষ করে নারী,শিশু ও তরুণ সমাজের বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নারীদের কণ্ঠকে আরও শক্তভাবে জাতীয় সংসদে তুলে ধরতে চাই।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব গড়ে তুলবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে তরুণদের শক্তিকে দেশের উন্নয়নের কাজে যুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী পৌর মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার,পৌর মহিলা দল নেত্রী ইয়াসমিন আক্তার লিমা,পৌর মহিলা দল নেত্রী আমেনা খাতুন এবং শহীদ আমিন উদ্দিন আইন কলেজ (পাবনা) শাখা ছাত্রদল নেত্রী ইসমাৎ জাহান ইতিসহ স্থানীয় নেতাকর্মীরা।