মাগুরা শহরের জামরুল তলা এলাকায় অবস্থিত নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের শুরুর ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার পরপরই বিএনপি’র একটি অংশ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে অফিসের ভিতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন সহ বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের নিচে এসে উপস্থিত হন। এ সময় তারা দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
এ ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি অংশ সেখানে এসে আওয়ামী লীগের দলীয় পতাকা পড়িয়ে দেয়। এছাড়া আওয়ামী লীগের ৩ তলায় অবস্থিত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ঘটনাটি জানতে পেরেছি। তবে কে বা কারা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ বিষয়ে আমার কিছু জানা নেই।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ।
ঘোষণা কারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন ও কর্মী ওসমান গনিকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
