ঠিক ১৭ বছর আগে ২০০৯ সালের এই দিনে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হয়েছিলেন।
দিনটি উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনাদের রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।’
