ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নিজামী ও সুবহানের কবর জিয়ারতের মধ্য দিয়ে পাবনা-৪ এমপির দায়িত্ব শুরু

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। মাওলানা মতিউর রহমান নিজামী ও আব্দুস সুবহান-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচন-পরবর্তী কার্যক্রম শুরু করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়াস্থ তার নির্বাচনী অফিস থেকে সফর শুরু করেন।
দলীয় সূত্রে জানা গেছে,সফরের শুরুতে অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নাসির উদ্দিন-এর নিজ বাড়ি মহাদেবপুরে যান। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে মরহুম নাসির উদ্দিনের কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুমের সহধর্মীনি ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন। এবং তিনি ঈশ্বরদী উপজেলার সাবেক আমির ডা. আমিন উদ্দিন এর কবর জিয়ারত করেন।
এরপর তিনি পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পরাজিত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন-এর শারীরিক খোঁজখবর নেন এবং পাবনা-২ আসনের সাবেক এমপি প্রার্থী কে এম হেসাব উদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর পাবনা শহরের আরিফপুর কবরস্থানে শহীদ মাওলানা আব্দুস সুবহান,জুলাই যোদ্ধা মাহবুব হোসেন নিলয় ও জাহিদের কবর জিয়ারত করেন তিনি। পরে সাঁথিয়া উপজেলায় গিয়ে সাবেক আমিরে জামায়াত মতিউর রহমান নিজামী-এর কবর জিয়ারত করেন।
সবশেষে ঈশ্বরদীর প্রথম শহীদ মুন্নাস হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে তার দিনব্যাপী সফর শেষ হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,ঈশ্বরদী উপজেলা আমীর ড.অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক,সেক্রেটারি সাইদুল ইসলাম,আটঘরিয়া উপজেলা আমীর মাওলানা নকিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।