নিজস্ব প্রতিনিধি ।। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঈশ্বরদী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী মিছিল করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী রেলগেটস্থ বাস টার্মিনাল থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ শুরু করেন। পরে তা বিশাল গণমিছিলে রূপ নেয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ—মেইন রোড, কলেজ রোড, হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় পুরো এলাকা স্লোগান, ব্যানার-ফেস্টুন ও দাঁড়িপাল্লার প্রতীকে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দখলদারিত্ব ও দুর্নীতির রাজনীতি দেখেছে। এবার তারা পরিবর্তন চায়। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। জনগণ ভোটের মাধ্যমে জুলুম-দুর্নীতির রাজনীতি প্রত্যাখ্যান করবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা মানুষের অধিকার, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভয়ভীতি উপেক্ষা করে ঘরে ঘরে গিয়ে মানুষের দ্বারে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিন। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের ভরসা।”
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, নায়েবে আমির মাওলানা নূর মোহাম্মদ, সেক্রেটারী মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারী মারুফ মো. আহসানউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল, হাফিজুর রহমান খান, মাসুদ রানা মাসুম, বাকী বিল্লাহ খান, মাহফুজুর রহমান ও মাওলানা আল-আমিনসহ দলীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানিয়ে মিছিলে অংশ নেন।
