পাবনার ফরিদপুর উপজেলায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে শিশুসহ দুজন নিহত হয়েছেন । ২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন, ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপালনগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।
জানা গেছে, ফরিদপুর থানার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে চালকলের ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেনের শরীরে বয়লার বিস্ফোরণের পর বয়লারের টুকরা পরলে সে গুরুতর আহত হয়। শিশুটিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বয়লার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চাতালের মালিকের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। আর শিশুটি গুরুতর আহতবস্থায় হাসপাতালে মারা যায়। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
