কুমিল্লার তিতাসে মোস্তফা কামাল নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোস্তফা কামাল ভিটিকান্দি ইউনিয়নের হাশেম মুন্সির ছেলে ও রঘুনাথপুর নয়ানী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, মোস্তফা কামাল রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া বলেন, দিন দুপুরে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই। জঘন্যতম এই ঘটনার তিনি নিন্দাও জানান।
তবে এক পক্ষ দাবি করছে মোস্তফা নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এর সমর্থক ও ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের কর্মী ছিলো।
উল্লেখ্য, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বাবুল চেয়ারম্যানের উপর হামলার জন্য কিছু দুর্বৃত্ত ভাড়া করা হয়। এ নিয়ে তর্কের জেরেই পরিকল্পিতভাবে মোস্তফাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে একাধিক সূত্র।
