ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

রাতারাতি পেঁয়াজের দাম দ্বিগুণ

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১০, ২০২৩ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডার খোলাবাজারে সাইদুল ইসলাম পেঁয়াজ কিনতে গিয়ে জানতে পারেন, প্রতি কেজির দাম ১১০ টাকা। গতকাল শনিবার একই ব্যক্তি তেজগাঁওয়ের কুনিপাড়া বউবাজারে অফিসের জন্য পেঁয়াজ কিনতে গিয়ে বিক্রেতার কাছে শুনতে পান পেঁয়াজের দর ১৮০ টাকা, বিকেলে তা উঠে ২৪০ টাকায়। পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চোখ কপালে ওঠে। তবে ব্যবসায়ীদের তরফ থেকে বলা হয়েছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে বলে দাম এত বাড়তে পারে না। কারণ শুধু ভারত নয়, অন্য দেশ থেকেও বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হয়। তাদের মতে, হঠাৎ এই দাম বৃদ্ধির পেছনে পেঁয়াজবণিকদের কারসাজি রয়েছে। গতকাল বিকেলে প্রাপ্ত খবরে জানা গেছে, এর মধ্যেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিংয়ে নেমেছে। ১৩৩ প্রতিষ্ঠানকে পেঁয়াজের দাম বেশি নেওয়ার কারণে জরিমানা করেছে। জরিমানার পরিমাণ ৬ লাখ ৬৬ হাজার টাকা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বাসায় খাবারের টেবিলে, পাড়া-মহল্লাহর চায়ের দোকানে কিংবা বাসায় টেলিভিশন সেটের সামনে বসে বা অন্য কোনো আড্ডায় এখন আলোচনার কেন্দ্রে আছে পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধি। পেঁয়াজ রপ্তানিতে ভারতের বর্তমান নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে সবজি জাতীয় নিত্য দরকারি এই পণ্যটির মাত্রাতিরিক্ত এই মূল্য বেড়েছে বলে মনে করেন অনেকে।ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। তা গত শুক্রবার দেশের গণমাধ্যমে প্রচার-সম্প্রচার হয়। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশের বাজারে পেঁয়াজের বাড়তি দামে পকেট পুড়ছে ক্রেতাদের। দোকানে খুচরা বা আড়তের পাইকারি বিক্রেতার কাছে বেশি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
ভারত সে দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর আগামী মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জানায়, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকবে ভারতে। এই নির্দেশনা অবশ্য গত শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর সুযোগ নিচ্ছেন বাংলাদেশের পেঁয়াজের ব্যবসায়ীরা। তারা পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।
সীমান্ত বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজারে পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই। খোঁজ নিয়ে জানা গেল, হিলি স্থলবন্দর বাজারে গত বৃহস্পতিবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। গতকাল শনিবার তা ঢাকার বাজারে বিক্রি হয় ১৮০ টাকা কেজি দরে। হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে। এ কারণে দাম বাড়ছে। আমদানিকারকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে।