দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদ এবং এক দফা দাবিতে আজ রবিবার থেকে শুরু হচ্ছে বিএনপির সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। এটি শেষ হবে আগামী মঙ্গলবার ভোর ৬টায়। সড়ক, রেল ও নৌপথ অবরোধ করে দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
জনগণ আগামী ৭ জানুয়ারি দেশে আওয়ামী লীগ সরকারের পতন দিবস উদযাপন করবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জোড়াতালি দিয়ে নির্বাচনের পথে হাঁটছে মাফিয়া চক্র। তবে তুমুল আন্দোলনে জনজোয়ারে এ নির্বাচনী নাটক ভণ্ডুল হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে বলছে নির্বাচনে আসুন; অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ আন্দোলনে সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করে বেছে বেছে কারাদণ্ড দেওয়া হচ্ছে।
দেড় মাসে বিএনপির ৫৮২ নেতাকর্মীকে প্রহসনের বিচারে দণ্ডিত ঘোষণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গ্রহণ ও কারাবন্দি অবস্থায় আসামিকে সাক্ষীর জবানবন্দি ও জেরা শোনার সুযোগ না দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করে দণ্ড ঘোষণা করা হচ্ছে। সব মামলার বাদী পুলিশ। প্রহসনের নির্বাচনের মতো ফরমায়েশি রায়ও দেওয়া হচ্ছে। তার অভিযোগ, গোয়েন্দা সংস্থা দিয়ে টার্গেট করে করে অর্থ এবং এমপি বানানোর প্রলোভনে কিংস পার্টি, ভুঁইফোঁড় পার্টিতে রাজনৈতিক নেতাদের ঢোকানো হচ্ছে। তবে কোনো নীতিবান, আদর্শবাদী, দেশপ্রেমী রাজনীতিককে তারা নিতে পারছে না।
