ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

আ.লীগের মনোনয়নে চমক আসছে

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৬, ২০২৩ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিছু নতুন মুখ সামনে এনে এবং বর্তমান কয়েকজন সংসদ সদস্যকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার পথে আওয়ামী লীগ। এবার জয়ের সম্ভাবনা আছে এমন কোনো নেতা বাদ পড়ছেন না; আর যেসব তরুণের গ্রহণযোগ্যতা আছে, তারা এ দৌড়ে এগিয়ে রয়েছেন। ফলে এবার বেশ চমক থাকছে ক্ষমতাসীন দলটির প্রার্থী বাছাই প্রক্রিয়ায়। এদিকে প্রয়োজন না হলে এবার জোটগতভাবে ভোটে না-ও যেতে পারে দলটি। সেক্ষেত্রে এককভাবেই ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যেতে চায় দলটি। তবে এসব খোলাসা হবে আজ রবিবার। কারণ এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়াম লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, আজ ৪টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার রাজশাহী ও রংপুর বিভাগের জন্য দলীয় প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগ। দলটি গতকাল শনিবার চট্টগ্রামের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে। জানা গেছে, এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হাজার ৩৬২ জন, যাদের মধ্যে নেতা ছাড়াও তারকা, সাবেক আমলা ও পুলিশ কর্মকর্তা আছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের পরিবর্তে সাকিব আল হাসানকে বেছে নিয়েছে দলটি। মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন সাকিব।
মনোনয়ন বোর্ড ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানের পরিবর্তে সাবেক এমপি নানক এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলামের পরিবর্তে অভিনেতা ফেরদৌসকে মনোনয়ন দেওয়া দিয়েছে। মাদারীপুরের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানকার বর্তমান এমপি আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। সূত্র জানায়, বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শাহ-ই-আলমকে বাদ দিয়ে সেখানকার জন্য সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূসকে বাছাই করা হয়েছে। বরিশাল-৪ আসনে সংসদ সদস্য পঙ্কজ নাথকে বাদ দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বরিশাল-১ আসনে বর্তমান এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহই মনোনয়ন পেয়েছেন। আর বরিশাল-৫ আসনে পেয়েছেন বর্তমান এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বরিশাল-৩ আসনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন এবং বরিশাল-৬ আসনে মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিককে বাছাই করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে এই দুই আসন থেকে আওয়ামী লীগের কোনো নেতা নির্বাচনে অংশ নেননি। ঢাকা-৭ আসনের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এই আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন ইরফান, তার বাবা ও ভাই সুলাইমান সেলিম। বর্তমান সংসদ সদস্য নাসির উদ্দিনকে বাদ দিয়ে যশোর-২ আসনে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তৌহিদুজ্জামান তুহিন। তৌহিদুজ্জামান একজন চিকিৎসক এবং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জামাতা।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন (গতকাল শনিবার) সাংবাদিকদের ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কিছু নতুন মুখকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং কিছু বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। আর জয়ের সম্ভাবনা আছে এমন কোনো ব্যক্তিকে বাদ দেওয়া হয়নি। যেসব তরুণের গ্রহণযোগ্যতা আছে, তারা এই দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সে ক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নতুন-পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেওয়া হবে মনোনয়ন।