ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

নির্বাচনী ডামাডোল শুরু

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পরই মূলত শুরু হয়ে গেছে নির্বাচনী ডামাডোল। জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ দলীয় মনোনয়ন বিক্রি শুরু করবে দলটি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরাও প্রস্তুত। প্রস্তুতি নিচ্ছে সংসদের বিরোধী জাতীয় পার্টি (জাপা)। অন্য ছোট দলগুলোও নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে। তবে রাজনীতির মাঠে অন্যতম বিরোধীদল বিএনপি নির্বাচনে আসবে না বলেই জানিয়েছে। তারা হরতাল-অবরোধ নিয়ে রয়েছে আন্দোলনের মাঠে।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি উদ্বোধন করবেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন তিনি। এরপর দলের মনোনয়নপ্রত্যাশীরা ফরম কেনা শুরু করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রতিদিনের সংবাদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
গতকাল বিকেল ৩টায় তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
এক বার্তায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং জমাও দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নির্বাচন পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে চায়। তবে শরিক দলগুলো এখনো আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকে এ ধরনের আলোচনার কোনো ইঙ্গিত পায়নি।
প্রতীক বরাদ্দের আগপর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে না। তবে নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকেও নেতাদের খেয়াল রাখতে বলা হয়েছে।
দায়িত্বশীল নেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের নামে বিরোধীদের তৎপরতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা আগেই দেওয়া আছে। জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘আমাদের সবাই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এখন সাংগঠনিক সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।’